ইসলামপুরে ৩ শিক্ষার্থীর স্থলে ৯ শিক্ষক, সকলেই ফেল

লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠান একটি উচ্চ বিদ্যালয় ও একটি দাখিল মাদরাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান গুলো হলো, ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়, ইসলামপুর বীর মাইজবাড়ী দাখিল মাদ্রাসা। জানাগেছে,ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক থাকলেও মাত্র তিনজন পরীক্ষার্থীকে পাঠদান করিয়ে একজনকেও পাস করাতে পারেননি। এছাড়াও ৮ জন শিক্ষক দ্বারা পরিচালিত একই উপজেলার বীর মাইজবাড়ী দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী অংশ নেওয়া কেউই উত্তীর্ণ হতে পারেনি। ইসলামপুর কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ জানান, গত বছর পাঠদানের অনুমতি পেয়েছে। নিয়ম অনুযায়ী বিদ্যালয়টির শিক্ষার্থীদের ২০২৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। রেজিস্ট্রেশন ও পরীক্ষা সংক্রান্ত বিষয় যাচাইয়ের জন্য তিনজন শিক্ষার্থীকে এবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বীর মাইজবাড়ী দাখিল মাদরাসা সুপার হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের বিষয় ভিত্তিক শিক্ষক সংকট থাকায় শিক্ষার্থীদের ফলাফলে প্রভাব পড়েছে। ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ‘কদমতলী ক্বারী পাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাশ করতে পারেনি। বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষক রয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার বলেন, শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে আমরা তাদের কাছে জবাবদিহিতা চাইব। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হইবে।