জামালপুরে স্ত্রী হত্যার আসামি ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি : জামালপুরে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী হোসাইন মো. তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ ৫ দিনের রিমান্ড আবেদন করলে জামালপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নন এবং তিনি নিয়মিত কোনো আদালতে আইন পেশা করেন—এমন তথ্য তাদের কাছে নেই।

উল্লেখ্য, গত ৬ মার্চ দিবাগত রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর রহমান তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভেতর থেকে তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সময় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামীকে মারধর করে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।