মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন

মো. রফিকুল বারী
জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার ৩ এপ্রিল বিকেলে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
জানা গেছে, ঝাড়কাটা নদী থেকে ভেকু মেশিন দিয়ে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আনসারের কমান্ডার পরিচয় দানকারী নুরনবী প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ভেকু মেশিনটি অকেজো করে ও ভেকুর ব্যাটারি জব্দ করে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে নুরনবী আনসার কমান্ডার পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। এছাড়াও তাঁর নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন সময়ে উদ্ভূত পরিস্থিতির কারণে শালিসি বৈঠকে অর্থের বিনিময়ে ন্যায় বিচার না করে নিরীহ মানুষকে হয়রানি করে আসছে। মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, অভিযান পরিচালনা করে ভেকু মেশিনটি অকেজো ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।