অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: মহিলা জামায়াত

দেশের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সংগঠনটির দাবি, এ উদ্যোগ একেবারেই অযৌক্তিক। গতকাল শনিবার এক বিবৃতিতে মহিলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এ মন্তব্য করেন। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী এখনো প্রয়োজনীয় প্রযুক্তি, মানসম্মত ইন্টারনেট সংযোগ ও ডিভাইসের সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা হলে দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে এবং অনেকেই ঝরে পড়ার ঝুঁকিতে পড়বে। তিনি আরও উল্লেখ করেন, করোনাকালে শিক্ষার্থীরা যে ক্ষতির মুখে পড়েছিল, তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। তাই আবারও অনলাইননির্ভর শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নূরুন্নিসা সিদ্দীকা বলেন, শিল্প কারখানা যেমন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ রাখা যায়না, তেমনি অনলাইনে ক্লাস বিদ্যুৎ সাশ্রয়ের উপায় হতে পারে না। বরং জ্বালানি খাতে অপচয় ও দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের শিক্ষাখাত বর্তমানে গুরুত্বপূর্ণ এক সময়ে রয়েছে। এ সময়ে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফেরাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। অনলাইন ক্লাসকে প্রধান বিকল্প হিসেবে দাঁড় করানো কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তিনি আশা ব্যক্ত করে বলেন, সরকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।