লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানাগেছে, গত কয়েকদিন ধরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় বেকু মেশিন দিয়ে অবৈধ খনন করে বালু ও মাটি বিক্রি করা হচ্ছিল।
এতে ফসল জমির টপ সয়েলসহ নানা ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ায় স্থানীয় সচেতন এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট অবৈধ মাটি বিক্রি কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রবিবার বিকালে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে বলিয়াদহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার।
এ সময় বালু ও মাটি উত্তোলনের ভেকু থেকে একটি ব্যাটারী জব্দ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আমজাদ হোসেনের পুত্র ফরহাদ হোসেন (৩০) ও হাফিজুর রহমান (২০)কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার জানান, জনস্বার্থে বালু ও মাটি উত্তোলনে অভিযান চলমান থাকবে।
ইসলামপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ৬মাসের কারাদন্ড
