ইসলামপুর সংবাদদাতা : জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও কৃত্রিম প্রজনন সেবা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (চতুর্থ দিন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কুলকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম। দিনব্যাপী ক্যাম্পে এলাকার প্রান্তিক খামারিরা তাদের বিভিন্ন গবাদি পশু নিয়ে এসে সেবা গ্রহণ করেন। সম্পূর্ণ বিনামূল্যে পশুর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, কৃমিনাশক ওষুধ বিতরণ, টিকাদান, এবং উন্নত জাতের গবাদি পশু উৎপাদনে কৃত্রিম প্রজনন সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের উৎসাহিত করা এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। গ্রামের প্রান্তিক খামারিরা যেন ঘরের কাছেই সঠিক পরামর্শ ও চিকিৎসা পান আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্থানীয় পশুপালকেরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসলামপুরে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান
