ইসলামপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা : ৭ ডিসেম্বর, শনিবার গৌরব ও বিজয়ের স্মৃতিবিজড়িত দিন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় জামালপুরের ইসলামপুর উপজেলা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ শেষে স্বাধীনতার আলোয় প্রথমবারের মতো মুক্ত হয় এই জনপদ। তাই দিনটি আজও ইসলামপুরবাসীর কাছে এক গৌরবোজ্জ্বল, স্মৃতিময় ও ঐতিহাসিক দিন।
হানাদারমুক্ত হওয়ার পর ইসলামপুর থানা চত্বরে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেছিলেন জালাল কোম্পানির বীর কমান্ডার, উত্তর দরিয়াবাদের ফকিরপাড়া গ্রামের কৃতী সন্তান মরহুম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন (জালাল শাহ ফকির)। তাঁর হাতে উত্তোলিত সেই পতাকা ইসলামপুরের মুক্তির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে আজও স্মরণীয়।
এই তাৎপর্যপূর্ণ দিবসকে স্মরণ করে আজ ৭ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ফুলু মিয়া, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, রফিক সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস তুলে ধরেন এবং শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।