ইরান ইস্যুতে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পাল্টা জবাব দিয়েছেন পোপ। তিনি বলেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান অব্যাহত রাখবেন। গতকাল সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়াগামী পাপাল ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পোপ। চার আফ্রিকান দেশে ১০ দিনের সফর শুরু করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই পোপ। তিনি বলেন, আমি তার (ট্রাম্পের) সঙ্গে বিতর্কে যেতে চাই না। তবে আমি মনে করি, গসপেলের বার্তা যেভাবে কিছু মানুষ ব্যবহার করছে, তা সঠিক নয়। তিনি আরও বলেন, আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলে যাব। শান্তি প্রতিষ্ঠা, সংলাপ বৃদ্ধি এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করাই আমার লক্ষ্য। পোপ লিও বলেন, অসংখ্য নিরীহ মানুষ নিহত হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে দাঁড়িয়ে বলতে হবে। এর চেয়ে ভালো কোনো পথ আছে বলে মনে হয় না। এর আগে পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প বলেন, তার দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর। আমরা এমন একজন পোপ চাই না, যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে নরম অবস্থান নেন। আমি পোপ লিওর ভক্ত নই। সাম্প্রতিক পোপের বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্য এসেছে। সম্প্রতি পোপ লিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং ট্রাম্পের কিছু বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। বিশেষ করে, যুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পের ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’ মন্তব্যের পর পোপের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় একটি চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের একচুলও ছাড় না দেওয়া, বারবার অবস্থান পরিবর্তন এবং নানা ধরনের চাপই এ ব্যর্থতার মূল কারণ। আব্বাস আরাগচি বলেন, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ইরান সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আলোচনাকে ব্যর্থ করে দেয়। আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল। কিন্তু ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে।
চটলেন ট্রাম্প, পাল্টা প্রতিক্রিয়া জানালেন পোপ লিও
