জান্তা প্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত

মিয়ানমারের পার্লামেন্ট গতকাল শুক্রবার জান্তা প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। পাঁচ বছর আগে বলপ্রয়োগে ক্ষমতা দখলের পর সাবেক এই জান্তা প্রধান বেসামরিক পরিচয়ে নিজের শাসন ধরে রাখার চেষ্টা করছেন। নেপিদো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০২১ সালে গণতান্ত্রিক সরকারের নির্বাচিত নেতা অং সান সু চিকে আটক এবং তার দল ভেঙে দেওয়া অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেনারেলকে সাম্প্রতিক এক নির্বাচনের মাধ্যমে বসানো সামরিকপন্থী এমপিরা প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেন। নির্বাচনটি তার নেতৃত্বাধীন জান্তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাজধানী নেপিদোতে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় মিন অং হ্লাইং বিপুল ব্যবধানে দ্বিতীয় স্থানের প্রার্থীকে পরাজিত করেন। পার্লামেন্টের সভাকক্ষে মঞ্চ থেকে স্পিকার ঘোষণা দেন, আমরা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি। ভোট গণনা শেষে এক পার্লামেন্ট কর্মকর্তা জানান, মোট ৫৮৪ ভোটের মধ্যে তিনি ৪২৯টি ভোট পেয়েছেন। গত মাসে পার্লামেন্ট পুনরায় চালুর মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা জান্তা দাবি করলেও বিশ্লেষকরা এটিকে সামরিক শাসন অব্যাহত রাখার জন্য বেসামরিক আড়াল হিসেবে বর্ণনা করছেন। অত্যন্ত জনপ্রিয় সু চি ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন। নির্বাচনের সমালোচনা বা প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। নির্বাচনের পরও বিরোধী পক্ষগুলো অনড় অবস্থানে থাকায় সংঘাত ও এর ফলে সৃষ্ট মানবিক সংকট প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অভ্যুত্থানের পর থেকে উভয় পক্ষেই ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।