জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম,এফ,এ মাকাম : জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটি উন্নয়নের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জানুয়ারি বুধবার সকালে জামালপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলার সমাজ সেবা উপ-পরিচালক রোকানুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনজুরুল আলম, জেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাংগঠনিক সম্পাদক আসমাউল আসিফ, গাংচিল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ সহ আরো অনেকে। এ সময় বক্তারা লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির নানা সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নতুন রাইডস সংযোজন, মোবাইল নেটওয়ার্ক জোরদার, রাস্তাঘাট ও অবকাঠামগত উন্নয়ন করার পাশাপাশি পর্যটকদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা বিষয়ে জানানোর জন্য বিশেষভাবে আলোকপাত করা হয়।