জামালপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : গতকাল রবিবার ১৮ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি/২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়।
সভায় জেলা প্রশাসক জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আওতাধীন বিভিন্ন প্রকৌশলী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দের নিকট থেকে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা, মতামত ও প্রস্তাবনা সম্পর্কে অবগত হন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ বিভাগের অগ্রগতি ও সমস্যাবলি সভায় উপস্থাপন করেন। গত সভার সিদ্ধান্ত অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড, জামালপুর; প্রাণিসম্পদ বিভাগ, জামালপুর; শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ), জামালপুর; সড়ক ও জনপদ বিভাগ, জামালপুর এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জামালপুর–এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক নতুনভাবে চিহ্নিত সমস্যাসমূহের কার্যকর সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের জাতীয় পরিচয়পত্র, ছবি, হালনাগাদ তথ্য, পিআইডি কার্ড-পরিচয়পত্র প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, তিনি ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটকেন্দ্রগুলোর লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা সচল আছে কিনা তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নির্বাচনকালীন পরিবেশ বজায় রাখতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে বা কোনো ব্যক্তি মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে ও সুন্দরভাবে পালন করতে হবে। তিনি প্রার্থীদের সাধুবাদ জানিয়ে বলেন, তাঁরা সুন্দরভাবে আচরণবিধি মেনে চলছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সকলকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা জেলার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরবেন এবং গণভোট সম্পর্কিত তথ্য প্রচার-প্রচারণায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জামালপুরের উন্নয়ন ও দেশের সার্বিক অপ্রগতির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জেলার সকল সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ, প্রকৌশলীগণসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।