জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাদারগঞ্জ পৌরসভার পণ্ডিত পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তোজাম্মেল হক তাঁর কর্মস্থল সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (বালিজুড়ি বাজার থেকে) আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সিধুলী ইউনিয়ন পরিষদের মেম্বার রকি বলেন, ‘আকস্মিক এই দুর্ঘটনায় কর্মস্থল থেকে ফেরার পথে সচিব তোজাম্মেল হকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা যায়, সিধুলী ইউনিয়ন থেকে ফেরার পথে বালিজুড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।’
এদিকে দুর্ঘটনার শিকার অপর মোটরসাইকেলের আরোহী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাঁর নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
