জামালপুরে অভিযান চালিয়ে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৪ মার্চ) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।
অভিযানকালে নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান, খাবারের হোটেল ও বেকারিতে তদারকি করা হয়। ইফতার সামগ্রীর দোকানগুলোতে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি শনাক্ত করা হয়।
এ সময় ‘মোস্তফা বেকারী’তে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ দই, অননুমোদিত রং ব্যবহার এবং পণ্যে অতিরিক্ত মেয়াদ উল্লেখের প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
