মুত্তাছিম বিল্লাহ: : জামালপুরে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে তাদের শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক মুত্তাছিম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল। অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন ও আজকের জামালপুর পত্রিকার বার্তা সম্পাদক হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, সাংবাদিক হতে হলে তাকে বহুমাত্রিক প্রতিভার অধিকারী হতে হয়। তারা যে বিষয়টি নিয়ে প্রতিবেদন করতে চায় ওই বিষয়ে প্রথমে তাদের অনেক জানতে হয়। সাংবাদিকরা অনেক বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করে ফলে সাংবাদিকরা বহুমাত্রিক প্রতিভার অধিকারী হয়ে থাকে। একদিকের প্রতিভা দিয়ে সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিকরা একই সময়ে অনেক কাজ করতে পারে। শিশুদের যে সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হচ্চে এটা তাদের আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল বলেন, শিশুদের সাংবাদিকতা প্রশিক্ষণ অত্যন্ত ভালো উদ্যোগ। শিশুরা যেভাবে সাংবাদিকতার প্রশিক্ষণ পাচ্ছে এতে করে দেশের সাংবাদিকতার মান আরও উন্নত হবে। শিশু সাংবাদিকতার মাধ্যমে শিশুরা তাদের অধিকার ও সমাজের বিভিন্ন অসংগতি লেখনির মাধ্যমে তুলে ধরতে পারবে। তারা ছোট থেকেই সাংবাদিকতার সঠিক প্রশিক্ষণ পাচ্ছে তাই তাদের ভবিষ্যৎ অনেক উজ্জল।
কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান। অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় জাফর সাদেক (১১), জান্নাতুল আফসিন, মো. সাফিয়ান হাসান, আবরার আহমেদ (১২), সারা মারিয়াম, খন্দকার তাসনিয়া নূর নেহা, মিম আক্তার, হাফসা জান্নাত হাফসা, অনন্যা জান্নাত নাবিলা, সামিহা নুজহাত প্রজ্ঞা (১৩), হুমায়রা খানম আরোশি, রায়হান বিন খোরশেদ, সৃষ্টি আক্তার সুমাইয়া, আরিয়া এরশাদ, মোতাসিম বিল্লাহ (১৪), সাদিক হাসান, আহনাফ শাহরিয়ার রাফিন, নওশীন জাহান নিসর্গ (১৫), সুবর্ণা আক্তার বৃষ্টি, সাবেকুন্নাহারসহ (১৬) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই মিলনমেলার স্মৃতি ধরে রাখতে বিদায় বেলায় ফটোসেশনে অংশ নেয় শিশু সাংবাদিকরা।
জামালপুরে শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ
