প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশে কখনো জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তা করা হয়নি। আমরা উত্তরাধিকারসূত্রে কোনো জ্বালানি নিরাপত্তা পাইনি। বরং যা ছিল, তা কমেছে। গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব প্রশমন’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে কখনো জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তা হয়েছে এর আগে? অনেক বক্তব্য উপস্থাপন করা হয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। কিন্তু আমরা উত্তরাধিকারসূত্রে কোনো জ্বালানি নিরাপত্তা পাইনি। বরং যা ছিল, তা কমেছে। আমরা অনেক বয়ান শুনেছি। আমরা হাতিরঝিলে বিদ্যুৎ জ্বালিয়ে বলেছি, এত শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছি। কিন্তু জ্বালানি নিরাপত্তা নিয়ে একটি সূচক যদি আমাকে দেখাতে পারেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্যেও সরকার স্বচ্ছতা ও সংস্কারের পথে রয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। বিগত সরকারগুলোর রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির মধ্যেও সরকার উত্তরণের চেষ্টা করছে। দেশে বর্তমানে ১০ শতাংশ মূল্যস্ফীতি বিরাজ করছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে নেমে এসেছে। তবে এসব চাপের মধ্যেও সরকার স্বচ্ছতা বজায় রেখে পরিকল্পিত পুনরুদ্ধারের পথে এগোতে প্রতিশ্রুতিবদ্ধ।
জ্বালানি নিরাপত্তার জন্য কখনো চিন্তা করা হয়নি: উপদেষ্টা
