নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গতকাল রোববার ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএমটিএ এর জামালপুর জেলা শাখার সভাপতি আমিনুল হক, মোফাজ্জল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতনগ্রেড ও সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গ, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি পূরণ না হলে শাট ডাউনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে। এতে দেশের সব জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। কর্মবিরতিতে জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরাও একাত্মতা প্রকাশ করেন।
দশম গ্রেডের দাবিতে জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
