দেওয়ানগঞ্জে গ্যাসট্রিকের বড়ি ভেবে ইঁদুর মারা বিষের বড়ি খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসট্রিকের বড়ি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে দুই বিয়াই মারা গেছেন। মৃত দুই বিয়াই হলেন কানকু মিয়া ও কমল মিয়া। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাররামরামপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান জিলানী নয়া দিগন্তকে জানান, উল্লেখিত কানকু মিয়া ও কমল মিয়া (কোম্পানি) উভয়ে সম্পর্কে বিয়াই। তারা দুজনই গ্যাস্ট্রিক রোগে ভুগছিলেন। রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা সদর থেকে ৩০ কি.মি. দূরে ভারত সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওইদিন দুই বিয়াইয়ের গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলে আশেপাশে ফার্মেসি বা হাসপাতাল না থাকায় বাড়িতে রাখা ইঁদুর মারার বিষের বড়ি গ্যাস্ট্রিকের বড়ি ভেবে দুই বিয়াই খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দ্রুত দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়। পরে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও (কোম্পানি) মৃত্যুবরণ করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর সোমবার দ্ইু বিয়াইয়ের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে পাররামরামপুর ইউনিয়নের নিজ নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে। ভুল করে গ্যাসের বড়ি ভেবে ইঁদুর মারা বিষের বড়ি খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যুর বিষয়টি স্থানীয় নানা মহলে ব্যাপক আলোচিত হচ্ছে।