নববর্ষ উদযাপনে নাশকতার ঝুঁকি নেই: র‌্যাব ডিজি

পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নববর্ষ উদযাপন ঘিরে নাশকতার ঝুঁকি নেই। গতকাল সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ এ তথ্য জানান। তিনি বলেন, পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন নিযুক্ত থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র‌্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল এবং সাদা পোশাকে র‌্যাবের সদস্য মোতায়েন থাকবে। র‌্যাব মহাপরিচালক বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনও গোষ্ঠী যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহাবগ, টিএসসি, রমনা, রবীন্দ্রসরবর, হাতিরঝিলসহ যেসব স্থানে বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়, সেসব স্থানে র‌্যাব কর্তৃক যথাযথ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পরীক্ষণ চেক-পোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যেকোনও ধরণের নাশকতা মোকাবিলায় র‌্যাব স্পেশাল কমান্ডো প্রস্তুত রয়েছে।