পঞ্চগড়ে র্যাব-১৩ এর অভিযানে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মহন্ত (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে গত বুধবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালিয়া পাথরসহ তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে খগেরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সুজন মহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি বলে জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশে সংরক্ষণ করা হয়েছিল। র্যাব আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা দামের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আটক ১
