ফায়ারিং স্কোয়াডের গুলি ছুটে আসছে লোকালয়ে

মোহাম্মদ আলী : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ নিমিত্তে ব্যবহৃত ফায়ারিং স্কোয়াড এর গুলি ছুটে এসে পড়ছে লোকালয়ে। ঘটছে হতাহতের ঘটনা। আতঙ্কিত এলাকাবাসী। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার, জামালপুর বিজিবি’র ফায়ারিং স্কোয়াড সরিয়ে নেওয়ার দাবিতে, জামালপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন, জামালপুর পৌর এলাকার ভুক্তভোগী পাথালিয়া গ্রামবাসী।
জানা যায়, জামালপুর পৌরসভার একটি বিশাল জনগোষ্ঠীর গ্রাম পাথালিয়া। ঘনবসতিপূর্ণ এ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এ গ্রামের পাশেই বিজিবির ৩৫ ব্যাটালিয়ানের ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছে একটি ফায়ারিং স্কোয়াড। সে স্কোয়াডে জেলার দায়িত্বে নিয়োজিত, বিজিবি, পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা ফায়ার প্রশিক্ষণ করে থাকেন। তাদের সে প্রশিক্ষণের সময় কিছু গুলি লক্ষ ভ্রষ্ট ছুটে আসে পাথালিয়ার লোকালয়ে। লক্ষ ভ্রষ্ট হয়ে ছুটে আসা সেসব গুলি মানুষ ও গরু ছাগলের শরীরে এসে বিদছে। এছাড়া ঘরবাড়ি, দোকানপাট ও হোটেল রেস্তোরাঁয় এসে পড়ছে। এতে করে হতাহতের ঘটনা ঘটছে। আতঙ্কিত হযে পড়ছেন গ্রামবাসী।
পাথালিয়া গ্রামের একজন বাসিন্দা, জামালপুর জেলার বিশিষ্ট ব্যাবসায়ী, মোঃ আশরাফুল ইসলাম বুলবুল বলেন, ফায়ারিং স্কোয়াড এর সাথে আমার বাসা। গত কয়েকদিন যাবত সে ফায়ারিং স্কোয়াডে ফায়ার প্রশিক্ষণ চলছে। এই প্রশিক্ষণ চলাকালে প্রায়ই আমার বাসার ছাদে গুলি পাওয়া যায়। এছাড়া আমাদের গ্রামে আমার বাসা ছাড়াও, পশ্চিম পাড়া প্রাইমারি স্কুলের মাঠে, সনুর হোটেলে, আজগর, দুদু, হুমায়ুন ও শরীফের বাড়িতে গুলি ছুটে এসেছে। যার কারণে আমরা প্রাণহানির আশঙ্কায় মধ্যে আছি।
গ্রামবাসীর পক্ষে নেতৃস্থানীয়রা জানান, গত ৩ বছর আগে বিজিবির ক্যাম্পের ফায়ারিং স্কোয়াড থেকে ছুটে আসা গুলিতে গোয়াবাড়িয়ার গনি মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। মারা গেছে দরিদ্র কৃষক সুরুজ আলীর একটি গরু।
এদিন পাথালিয়াবাসীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করে জামালপুরের নবনিযুক্ত, জেলা প্রশাসক, ইউসুপ মিয়া, বিবিজির কমাণ্ডিং অফিসারের সাথে তাৎক্ষণিক কথা বলেন। কথা শেষে তিনি জানান, বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছেন। ইতিমধ্যে এব্যাপারে ১০ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ দল জামালপুরে আসছেন। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
তিনি এঘটনায় গ্রামবাসীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন।