বাচসকস এর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা; ১১ বছর পে-স্কেল নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের ঈদ যেন ‘চোখের জলে’

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি নিম্ন আয়ের কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
শনিবার (১৫ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোঃ আজিম ও সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ ১১ বছর যাবত বহু প্রত্যাশিত নবম পে-স্কেল না পাওয়ায় এবং বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের ঈদ আনন্দ এখন কেবল দুঃখে পরিণত হয়েছে। বেতন ও বোনাস দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। অনেকের ঘরে ঈদ মানেই এখন চোখের জলে।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে বর্তমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেলেও কর্মচারীদের বেতন বাড়েনি। ফলে দৈনন্দিন চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে ঈদের আনন্দ উদযাপন করা নামান্তর হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আজিম ও সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সরকারি কর্মচারীদের এই চরম আর্থিক সংকট থেকে মুক্তি দিতে এবং জীবনযাত্রা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান। তারা অবিলম্বে ‘নবম পে স্কেল’ এর গেজেট প্রকাশ করে কর্মচারীদের মুখে হাসি ফোটানোর জোরালো দাবি জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মানবিক দিক বিবেচনা করে সরকার দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে আগামীতে সরকারি কর্মচারীরা সপরিবারে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।