বিবিএলে সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন রিশাদ

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট তাসমানিয়া। গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে। বিগ ব্যাশে নিজের অভিষেক আসরেই এই কীর্তি অর্জন করলেন বাংলাদেশি তারকা। রিশাদ ছাড়াও আরও ৩ ক্রিকেটার ছিলেন আসরে দলের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে। তারা হলেন- অধিনায়ক নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী। অবশ্য হোবার্টের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে রিশাদের পক্ষেই বেশি ভোট পড়ছে। শেষপর্যন্ত তাসমানিয়াও রিশাদকেই বেছে নিয়েছে। এর আগের বছর হোবার্টে ডাক পেলেও বিপিএলের জন্য এনওসি পাননি রিশাদ। এবার বিপিএল ছেড়ে বিগ ব্যাশে গিয়ে এই তরুণ তুর্কি বনে যান দলের সর্বোচ্চ উইকেট শিকারি। তাকে নিয়ে ক্রিকেট তাসমানিয়ার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘হারিকেন্সের বোলারদের মধ্যে এ বছর রিশাদই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বিশেষ করে পাওয়ারপ্লের ঠিক পরই তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রান দিয়ে ৩ উইকেট ছিল এই মৌসুমে রিশাদের সেরা পারফরম্যান্স। রিশাদ যেভাবে বল হাতে দাপট দেখিয়েছেন, তাতে এ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতে নেওয়ার দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন।’ ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে রিশাদ খেলেছেন ১২ ম্যাচ, যার মধ্যে ১১ ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। শিকার করেছেন ১৫টি উইকেট। গড়ে প্রতি উইকেটের জন্য খরচ করেছেন ২০.৮৬ রান, আর ইকোনমি রেট ছিল ৭.৮২। টি-টোয়েন্টি ফরম্যাটের বিবেচনায় যা যথেষ্ট প্রতিযোগিতামূলক। স্ট্রাইক রেট ছিল ১৬.০০, যা তার আক্রমণাত্মক লেগ স্পিনের কার্যকারিতাই তুলে ধরে। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়ে হোবার্ট এবার ফাইনালে যেতে পারেনি। তবে রিশাদ যে পারফরম্যান্স করেছেন আর ক্রিকেট তাসমানিয়া যে স্বীকৃতি তাকে দিয়েছে, তাতে নিশ্চিত করেই বলা যায় বিগ ব্যাশের পরের আসরেও তার দিকে দৃষ্টি থাকবে দলগুলোর।