যার এক কথায় ভারতের কোচ হয়েছেন গম্ভীর

গৌতম গম্ভীরই বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ক্রিকেটার ও কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। শুধু তাই নয়, ভারতের কোচ হিসাবে দুই বছরে দুইটি আইসিসি ট্রফি জিতেছেন তিনি। অথচ তিনি দায়িত্ব নেওয়ার আগে দ্বিধায় ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আমার মনে আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে জয় ভাই (বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ) আমাকে ফোন করেছিল। সকালে ফোন করে আমাকে বলল, ‘তোমাকে একটা প্রস্তাব দেব, যা তুমি না করতে পারবে না।’ আমি বললাম, ‘কী প্রস্তাব’। জয় ভাই বলল, ‘তোমাকে ভারতীয় দলের প্রধান কোচ হতে হবে।’ সত্যি বলতে, ওই সময় আমি প্রস্তুত ছিলাম না।’

কোচের দায়িত্ব নেবেন কি না তা নিয়ে দ্বিধায় ছিলেন গম্ভীর। তিনি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। আমার মতে, ভারতীয় দলের কোচ হওয়া সম্মানের। কারণ, কত জন আবার ভারতীয় দলের জার্সি পরে ওই সাজঘরে যাওয়ার সুযোগ পায়। আমাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছিল।’

কোচের দায়িত্ব নেওয়ার পুরো কৃতিত্ব জয়কেই দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘কত জন সাবেক ক্রিকেটার কোচ হতে পারে। খুব কম। জয় ভাই বলেছিল, আমি না করতে পারব না। আমি নাতাশার (গম্ভীরের স্ত্রী) সঙ্গে কথা বললাম। কিন্তু জয় ভাইয়ের কথাতেই দায়িত্ব নিয়েছিলাম।’

এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করলেও কোনো দিন কোচিং করাননি গম্ভীর। তার কাছে বিষয়টি নতুন ছিল। গম্ভীর বলেন, ‘আমাকে যখন প্রস্তাব দেওয়া হল, তখন কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। তার আগে কোনো দলের প্রধান কোচ হিসেবে কাজ করিনি। আমি মেন্টর হিসেবে কাজ করেছি। কোচের দায়িত্ব আরও বেশি। আশা করছি, এখনও পর্যন্ত আমি জয় ভাইয়ের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।’