রাজিবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন

তারিকুল ইসলাম তারা : কুড়িগ্রামের রাজিবপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় কৃষক, খামারি এবং প্রাণিসম্পদপ্রেমী মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
গতকাল ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাইকুল হাসান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন।
উপস্থিত অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় জাতের গবাদিপশুর উন্নয়ন এখন সময়ের দাবি। প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য সরকারের পাশাপাশি খামারিদেরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে পশুপালন করলে উৎপাদন বাড়বে, রোগব্যাধি কমবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে গ্রামীণ মানুষ। প্রদর্শনীতে বিভিন্ন খামার ও প্রতিষ্ঠান তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, পশুখাদ্য, দুগ্ধজাত পণ্য এবং প্রাণিসম্পদ রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা বিষয়ক স্টল প্রদর্শন করে। খামারিদের জন্য হেলথ চেকআপ সার্ভিস, কৃত্রিম প্রজনন, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী প্রদর্শনী দেখতে দূরদূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইতোমধ্যে অনেক খামারি প্রযুক্তি ব্যবহার করে সফলতা অর্জন করেছেন, যা অন্যদের জন্য উদাহরণ।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ রাজিবপুরে এক উৎসবের আমেজ সৃষ্টি করে, যা এলাকার পশুপালন ও খামার শিল্পকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।