কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সদর দক্ষিণ লম্বরী এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক একটি বাড়িতে আটকে রেখেছে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বাড়ি থেকে ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। তিনি জানান, ঘটনায় জড়িত পলাতকরা হলেন-মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা। সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারীসহ উদ্ধার ১৩
