১২ মার্চের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ বেতন ও ঈদ বোনাস দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে ৪ মার্চ (বুধবার) সকাল ১১ টায় জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এর উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোঃ নূরে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় “১২ই মার্চের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন ও এক মাসের মজুরির সমপরিমাণ ঈদ বোনাস প্রদান এবং তাজরিন দুর্ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ উৎসব আসলেই পোশাক শিল্পের মালিকগণ শ্রমিকদের সাথে নানা ভাবে তালবাহানা করে থাকে। যথাসময়ে বেতন-বোনাস পরিশোধ না করার কারণে শ্রমিকদের কেনাকাটা করতে পারে না। তাই আমরা দাবি করছি, ১২ই মার্চের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। যেহেতু মার্চ মাসের ১৯ তারিখে ঈদুল ফিতর সেজন্য মার্চ মাসের পূর্ণ মজুরি দিতে হবে এবং ঈদকে সামনে রেখে কোন প্রকার ছাঁটাই নির্যাতন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ ও উৎসব ছুটি দিতে হবে। যাতে করে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে তাদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে ঈদ উৎসব করতে পারে এবং উৎসব শেষে যথাসময়ে এসে কর্মস্থলে যোগদান করতে পারে। নেতৃবৃন্দ আরো বলেন, সাভারে তাজরিন ফ্যাশনের অগ্নিকান্ডের ১৪ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি আহত শ্রমিকরা তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ পায়নি। বিগত সরকার মৌখিক ভাবে আশ্বাস দিয়েও বারবার তাদেরকে হতাশ করেছে। আমরা দাবি করছি অবিলম্বে তাজরিন ফ্যাশনের আহত শ্রমিকদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান, উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস. এম, জহিরুল ইসলাম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা জামাল শিকদার, অন্তর রহমান, মাকসুদুর রহমান, আক্কাস আলী, সুমি আক্তার, মোঃ নাজমুল, মোছাঃ শারমিন প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মীর, গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ, বিশিষ্ট শ্রমিক ও যুবনেতা আসাদুজ্জামান প্রমুখ।