যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

বাণিজ্য, শিক্ষা এবং এভিয়েশন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রসার এবং বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা ক‌রে‌ছে উভয় পক্ষ।

স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এমপির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এসব আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বিস্তার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় উভয় পক্ষ চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

এদিকে, বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার ডিবিই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র উপদেষ্টা রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে প্রতিনিধিদল দুটি পৃথক বৈঠকও করে।

অন্যদিকে ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ড্যাপো আকান্দে পররাষ্ট্র উপদেষ্টা রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন।

সাক্ষাতে উভয় পক্ষ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।