নিজস্ব সংবাদদাতা
“শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”। গত বুধবার ২৯ এপ্রিল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আজকে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। আমি জানিনা হয়তো অনেক লোক আছে যারা নয়েজ পছন্দ করে কিন্তু নয়েজ পছন্দ করে না এই ধরনের লোকের সংখ্যা বেশি হওয়ার কথা দুনিয়াতে। যেমন আমার এমন জায়গা ভালো লাগে যেখানে তেমন কোন নয়েজ নাই ইভেন তেমন কোন মানুষও নাই। অল্প মানুষ বা ঘনত্ব কম এই ধরনের পরিবেশ আমরা সবাই চাই। আপনি যদি কোথাও বেড়াতে যান আপনি এমন একটা পরিবেশ চাবেন যেখানে আপনি নগর জীবনের যে কলহল সেগুলো থেকে দূরে থাকতে পারবেন। আমরা সব সময় এমন পরিবেশে থাকতে চাই। সেখানেও গিয়ে দেখি শব্দ দূষণ। তিনি আরও বলেন, যেমন বনের মধ্যে গেলেও একদল উশৃংখল পর্যটক দেখতে পাবেন যে তারা সেখানেও অনেক ধরনের শব্দ দূষণ করছে। এখন সব জায়গায় কি পুলিশিং করা সম্ভব। পুলিশ গিয়ে দাঁড়িয়ে বলে যে আপনি এরেস্ট। এটা কি ট্যুরিজমের সাথে যায়? যায়না। এটা কিসের সাথে যায়? এডুকেশন। এডুকেশন মানে কি সব সময় স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়? তা না। পাবলিক এডুকেশনের সিস্টেম আছে। এই যে প্রচার প্রচারণা, আজকে যে দিবস পালন বা এই যে আজকের এই আলোচনা সেইটা একটা জনশিক্ষার ফসল আমরা মনে করি। তিনি বলেন, আমরা যে বলি হর্ণ আস্তে বাজান, থামুন সামনে স্কুল, সামনে হসপিটাল। এই যে কথাগুলো এগুলো জনশিক্ষার বা পাবলিক এডুকেশনের একটা অংশ। এই এডুকেশনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিভিক সেন্স আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্ব সেটি পালনের জন্যও। সংবিধানে আমরা সব সময় বলি যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হচ্ছে সর্বক্ষণ জনসেবার জন্য প্রস্তুত থাকা। একই সঙ্গে সংবিধানে এটাও লেখা আছে নাগরিকের উচিত রাষ্ট্রের আইন মেনে চলা। আলোচনা সভার শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হাকিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বিরা হক, বিআরটিএ এর সহকারী পরিচালক মো. আনোয়ারুল কিবরিয়া, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এডিএবি’র চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক প্রমুখ। আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশ বাদী সংগঠন ও এনজিও প্রতিনিধি, পরিবহন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
