জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ক্লাসেন
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন হেনরিক ক্লাসেন। তার এমন ফর্ম দক্ষিণ আফ্রিকা চাইলে কাজে লাগাতে পারে বলে মনে করেন কেভিন পিটারসেন। তাই অবসর ভেঙে এই উইকেটকিপার ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার। তবে ক্লাসেন জানিয়ে দিলেন, তিনি আর ফিরবনে না। ২০২৪ বিশ^কাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। ফাইনালে হাফ সেঞ্চুরি করলেও দলকে বিশ^কাপ জেতাতে পারেননি তিনি। এরপর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। জাতীয় দলের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ক্লাসেন। দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি ও আইপিএলে খেলছেন তিনি। বর্তমানে আইপিএলে হায়দরাবাদের হয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লাসেন। চলতি আসরে ৯ ম্যাচে ৫৯.১৪ গড় ও ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন তিনি। তার এমন ফর্ম দেখেই ‘এক্স’ একাউন্টে পিটারসেন লিখেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ^কাপ জেতেনি। আজ সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে ফোন করা উচিত। তাকে জিজ্ঞেস করা উচিত হবে সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবে কি না এবং আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য তাদের প্রথম বিশ^কাপ অভিযানে একজন কেন্দ্রীয় চরিত্র হতে পারবেন কি না।’ তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফেরার কথা ভাবছেন না ক্লাসেন। তিনি বলেন, ‘না, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না। আমি জীবনের নতুন অধ্যায়ের দিকে তাকিয়ে আছি। এখন আমার লক্ষ্য ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রটারডামের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উৎসাহী।’