ট্রেনের ট্রাংকে মিলল তরুণীর খণ্ডিত দেহ

ট্রেনের বগি পরিষ্কার করতে গিয়ে ভয়াবহ এক দৃশ্যের মুখোমুখি হন পরিচ্ছন্নতাকর্মীরা। পরিত্যক্ত একটি ট্রাংক থেকে রক্ত ঝরতে দেখে সেটি খুলতেই দেখা যায় খণ্ডবিখণ্ড নারীর মরদেহ। গত রোববার ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌর গোমতীনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি বিহারের ছাপড়া থেকে এসে সেখানে যাত্রা শেষ করেছিল। যাত্রীরা নেমে যাওয়ার পর পরিচ্ছন্নতাকর্মীরা শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং কোচ পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় দুটি আসনের মাঝখানে থাকা একটি ট্রাংক তাদের নজরে আসে। ট্রাংকের গায়ে কয়েক ফোঁটা রক্ত দেখে তাদের সন্দেহ হয়। পরে রেল কর্তৃপক্ষকে খবর দেয়া হলে ট্রাংকটি খুলে দেখা যায়, ভেতরে এক নারীর মরদেহ টুকরো টুকরো করে রাখা হয়েছে। পুলিশ জানায়, নারীর মাথা ধড় থেকে আলাদা করা ছিল। হাত ও পা পলিথিনে ভরে কাপড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। সরকারি রেল পুলিশ সুপার রোহিত মিশ্র বলেন, মরদেহটি প্রায় দুই দিন আগের এবং নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘাড় ও কাঁধে আঘাতের চিহ্ন দেখে তদন্তকারীদের ধারণা, হত্যার আগে তিনি প্রাণপণ প্রতিরোধের চেষ্টা করেছিলেন। পুলিশের ধারণা, হত্যার পর সুযোগ বুঝে মরদেহ ট্রাংকে ভরে ট্রেনে তুলে দেয়া হয়। এই ট্রেনটি গোরখপুর হয়ে প্রায় ২০টি স্টেশন পার হয়েছে। যাত্রাপথে বিহারের থাওয়ে স্টেশনে ট্রেনটি প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকে। তদন্তকারীদের সন্দেহ, সেখান থেকেই ট্রাংকটি ট্রেনে তোলা হয়েছিল। ঘটনার তদন্তে তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে। বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।