বিগত ২০০৪ সাল থেকে চলতি বছর ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছে বলেও মন্ত্রী জানান। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের লিখিত জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। মঙ্গলবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএমইটিতে ২০০৪ সাল হতে বিদেশগামী কর্মীদের তথ্য সম্বলিত একটি ডাটাবেজ রয়েছে। বিএমইটির ডাটাবেজ এর তথ্যানুসারে ২০০৪ সাল থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে। তবে বৈদেশিক কর্মসংস্থান শেষে এদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছে। বিদেশ ফেরত এ সকল কর্মীর তথ্য না থাকায় বর্তমানে কর্মরত কর্মীর সঠিক সংখ্যা দেয়া সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ফেরত আসা কর্মীদের তথ্য আদান-প্রদানের নিমিত্ত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সঙ্গে বিএমইটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান শ্রমবাজার। অধিকাংশ প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে কর্মরত। বর্তমানে ইরান, লেবানন, সিরিয়াসহ সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কর্মী প্রেরণ কিছুটা হ্রাস পেয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যমান শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও মন্ত্রী জানান।
২ যুগে বিদেশ গেছেন দেড় ১ কোটির বেশি কর্মী: সংসদে মন্ত্রী
