বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফকির পাড়া, লুৎফরগঞ্জ বাজার ও বাঘাডোবা গ্রামে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৩০ জুন দুপুরে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকাবাসীর উদ্যোগে ব্রহ্মপুত্র নদের তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাটি কলকিহারা, বাঘাডোবা, ফকিরপাড়া এলাকার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন স্থানীয় দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, লেপু মিয়া। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেরুরচর ইউনিয়নের ফকির পাড়া শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারা গ্রামসহ প্রায় ৪ কিলোমিটার নদের ভাঙনে বসত বাড়ি, গাছ পালাসহ ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এতে করে নি:স্ব হয়ে পড়ছে শত শত মানুষ। তীব্র ভাঙনে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে ৫ টি গ্রাম। কিন্তু ভাঙন রোধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে সরকার ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।