সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে আনা হবে। গতকাল শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাপবিবোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। তবে যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা দাম কমিয়ে সমন্বয় করেছি। আশা করি, রাতারাতি বড় মূল্যসমন্বয় হয়েছে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে। ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি। জনগণকে সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শুক্রবার সকালে যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।