সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা-শ্রমিকসহ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এর আগে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী এ বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে ফংং.নযধঃধ.মড়া.নফ/ড়হষরহব-ধঢ়ঢ়ষরপধঃরড়হ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন অবশ্যই স্থায়ী ঠিকানার ভিত্তিতে করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এ ছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। অধিদপ্তর জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু ১ আগস্ট
