বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ৩৪ জন তারকাকে নিয়ে নির্মিত এই কমেডি ছবি মাত্র ৯ দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৬ জুন মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই ১৫ কোটির বেশি আয় করে। প্রথম সপ্তাহ শেষে এর সংগ্রহ দাঁড়ায় ৯৩ কোটিরও বেশি। দ্বিতীয় শুক্রবার সিনেমাটি আয় করে ৪ কোটি ৫০ লাখ রুপি এবং দ্বিতীয় শনিবার আরও ৭ কোটি ৩৫ লাখ রুপি যোগ হয়। ফলে মোট আয় ১০৫ কোটি রুপি ছাড়িয়ে যায়। ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, গত রোববারের আয় যুক্ত হলে সিনেমাটির মোট সংগ্রহ প্রায় ১১৪ কোটি রুপিতে পৌঁছাতে পারে। একই সময়ে মুক্তি পাওয়া আলিয়া ভাট অভিনীত ‘আলফা’র সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। দ্বিতীয় দিনে ‘আলফা’র আয় ছিল ১১ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে ‘ককটেল ২’ আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি এবং ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সংগ্রহ করেছে ২ কোটি রুপি।