জাপানে মুখ থুবড়ে পড়লো ‘ধুরন্ধর ২’

ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম দিনই ১০০ কোটি রুপির ম্যাজিক ফিগার ও প্রথম সপ্তাহের আয়ে সব রেকর্ড ভেঙে দেয়। বক্স অফিসে গড়ে সাফল্যের নয়া ইতিহাস। ‘ধুরন্ধর ২’ নিয়ে ভারতজুড়ে ছিল রীতিমতো ধুন্ধুমার অবস্থা। তবে জাপানে এসে মুখ থুবড়ে পড়ল আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’। বিশ^জুড়ে ৩১০০ কোটি টাকার আয়ে রেকর্ড গড়া ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি যেন জাপানে এসে এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। ভারতের মাটিতে যা সুনামি, জাপানের বক্স অফিসে তা নিছকই শান্ত বাতাস। গত শুক্রবার জাপানের ৮০টি স্ক্রিনে বেশ ধুমধাম করেই মুক্তি পেয়েছিল ছবিটি। অনেক আশা নিয়েই নির্মাতারা সূর্যোদয়ের দেশে মুক্তি দিয়েছিলেন সিনেমাটি। তবে রণবীর-আদিত্যের স্পাই থ্রিলার রীতিমতো ডুবতে বসেছে। ব্যাপক প্রচারণা সত্ত্বেও জাপানি দর্শকদের মন গলাতে সম্পূর্ণ ব্যর্থ রণবীর সিং। জাপানের বক্স অফিস রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো। মুক্তির প্রথম দিন দুপুর ২টা পর্যন্ত ৫৭টি লোকেশনে টিকিট কেটেছিলেন মাত্র ৪৪৯ জন দর্শক! বিকেল গড়িয়ে রাত হলেও হলের পরিস্থিতি বদলায়নি এতটুকু। প্রথম দিন শেষে বিক্রয় হওয়া মোট টিকিটের সংখ্যা দাঁড়ায় মাত্র ৯০০-তে! ভারতীয় গণমাধ্যম আজকাল সূত্রেই জাপানে ‘ধুরন্ধর’-এর এই ডিজাস্টারের খবর পওয়া গেছে। প্রথম তিন দিনের এই চরম ফ্লপ পারফরম্যান্সের কারণে জাপানের সেরা ২৫টি ছবির তালিকা তো দূর, সর্বোচ্চ ওপেনিং পাওয়া সেরা ১০টি ভারতীয় ছবির তালিকা থেকেও ছিটকে গেছে এই বিগ-বাজেট অ্যাকশন থ্রিলার। বিশ^ কাঁপানো ‘ধুরন্ধর’ কেন জাপানিদের কাছে পাত্তা পেল না, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। রণবীর সিং ছাড়াও আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো শক্তিশালী কাস্ট সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি এই প্রতিশোধের গল্পটি দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগকেও উস্কে দিয়েছে। বিশ^ব্যাপী ধুমধাড়াক্কা ব্যবসা করলেও, জাপানের বাজারে চূড়ান্তভাবে হতাশ হতে হলো সবাইকে।