দেশে যত গন্ডগোল পাকানো হয়, তার সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লি’ থেকে করা হয় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি- সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করেন।” গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, “জেনেভা কনভেনশন আইন, বন্দি বিনিময় আইন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে দিল্লি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে (শেখ হাসিনা) সকল প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার ও আরাম-আয়েশে থাকার সুযোগ করে দিচ্ছে। “আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তেমনি দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই। কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থি পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।” শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জামায়াত নেতা বলেন, “ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে- তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণেন চাওয়া অনুযায়ী আমরা এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। “তবে যতটা হুমকি-ধামকি তারা দিচ্ছেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। আমরা টের পাচ্ছি, জনগণ এখনও সেই ‘লাল জুলাইয়ের’ চেতনা ধারণ করে। ফ্যাসিবাদী শক্তিকে জনগণ কখনো বরদাস্ত করবে না।” ‘আধিপত্যবাদী শক্তির’ সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে জনগণই ‘ফ্যাসিবাদের রানীকে’ দেশ ছাড়তে বাধ্য করেছিল বলে জানান গোলাম পরওয়ার। বিএনপি সংস্কার চায় না, সংশোধন চায় অভিযোগ করে জামায়াত নেতা বলেন, “বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে, রাষ্ট্র সংস্কারে-৩১ দফার এক নম্বর দফা পড়ে দেখবেন। আপনি গুগলে সার্চ দেন, পাবেন। “৩১ দফার এক নম্বরে বিএনপি স্বীকার করেছিল যে, ‘আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব।’ কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করল।” তিনি বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই রায় মেনে নিয়ে কার্যকর করে সংস্কার করা। এর আগে সদস্য সম্মেলনে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার এবং কর্ম পরিষদ সদস্য মশিউল আলম উপস্থিত ছিলেন।
দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে’: গোলাম পরওয়ার
