যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের যুব উন্নয়ন অধিদফতরের প্রধান কার্যালয় ঘেরাও করে তারা। জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ যুব শক্তির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের কারণে গত শনিবার যুব উন্নয়ন অধিদফতরের লিখিত পরীক্ষা না হওয়ার ঘটনায় যুবশক্তি এ ঘেরাওয়ের ডাক দেয়। এ সময় যুবশক্তির নেতারা প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবিতে নানা স্লোগান তোলেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণায় আগে থেকে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত, গত শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। পরে গতকাল রোববার যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঢাক দেয় যুবশক্তি। যুবশক্তির ৫ দফা— ১. যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ। ২. প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। ৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। ৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা। ৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।
ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
