ভারত থেকে প্রথম চালানে এলো ১৮টি বগি

ভারত থেকে আমদানি করা ব্রডগেজ বগি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রথম চালানে ১৮টি বগি এসেছে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে নেওয়া হবে সৈয়দপুরের কারখানায়। গতকাল শুক্রবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে বগিগুলো প্রবেশ করে। গত সোমবার ভারতের পাঞ্জাব প্রদেশের কাপরতলা এলাকা থেকে ব্রডগেজ বগিগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। গতকাল শুক্রবার দুপুরে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রেলওয়ে পাকশীর বিভাগীয় কর্মকর্তারা বগিগুলো বুঝে নেন। বগিগুলো লাল সবুজ রঙে রাঙানো হয়েছে। এসি চেয়ার কোচ তিনটি, এসি বাথ, লাগেজ ভ্যান চারটি ও ১১টি শোভন চেয়ার কোচের বগি এসেছে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে বগিগুলো সৈয়দপুরের রেলওয়ে নিজস্ব কারখানায় নেওয়া হবে। ২০২৪ সালের মে বাংলাদেশ সরকার প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ রেলকোচ কেনার জন্য চুক্তি করে ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। সৈয়দপুর রেলওয়ের কারখানায় নেওয়ার পর সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রেলের বহরে যুক্ত হবে। ভারতের রাইটস লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেল বগিগুলো আনা হয়েছে। দেশটি থেকে ২০০টি কোচ সংগ্রহ করা হবে কয়েক ধাপে। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন করে যুক্ত হবে বগিগুলো। রেলওয়ে পাকশীর বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারত থেকে আজকে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি বাংলাদেশে প্রবেশ করেছে। বগিগুলো বিভিন্ন ক্যাটাগরির। যাত্রী সেবার মান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।