এম. রাশেদ মাহমুদ
জামালপুর জেলা পরিষদের উদ্যোগে গত শনিবার ১৭ অক্টোবর জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। এ সময় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১২৫টি প্রকল্পে মোট ৪ কোটি ৩৩ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপিসহ জেলার সংসদ সদস্যদের জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর শামীম তালুকদার এবং সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মণি। জামালপুর জেলা পরিষদের জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে গৃহীত প্রকল্পগুলোর বিপরীতে চেক বিতরণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জামালপুরে ১২৫ উন্নয়ন প্রকল্পে ৪ কোটি ৩৩ লাখ টাকার চেক বিতরণ
