গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে খাল খনন করেন শহীদ জিয়া: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন। তিনি নিজে হাতে কোদাল ধরে খাল কেটে এর সূচনা করেছিলেন। গতকাল শনিবার সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদি অপশাসন ও দুঃশাসনের সমালোচনা করে ত্রাণমন্ত্রী বলেন, “বিগত সরকারের দীর্ঘ সময়ের অপশাসন ও দুঃশাসনের কারণে খাল খনন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ফলে দেশের বিভিন্ন স্থানে খালগুলো দখল হয়ে গেছে এবং সরকারি সম্পত্তি বেহাত হয়েছে। এই বেদখল সম্পত্তি উদ্ধার করাই আমাদের সরকারের প্রথম কাজ। খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের দ্বিতীয় কাজ হলো খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে সেচের সুযোগ সৃষ্টির মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে সর্বাত্মক সহায়তা করা। খাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।