জামালপুরে নানা আয়োজনে হুমায়ূন উৎসব

আসমাউল আসিফ
জামালপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পাঠচক্র ও হুমায়ূন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের গ্রন্থ কাননে রিডার্স ক্লাব এ উপলক্ষ্যে আলোচনা, কেক কাটা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে।
সরকারি আশেক মাহমুদ কলেজ রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক একেএম রবিউল আলম লুইপার সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল বার্সেদ, উপাধ্যক্ষ অধ্যাপক মো: আবদুল হাকিম, অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন, প্রভাষক রৌশন আলম মিঠুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল বার্সেদ বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র। হিমু, রূপা, মিছির আলীসহ নানা চরিত্রের মাধ্যমে হুমায়ূন আহমেদ তার লেখনীতে সকল শ্রেণীর মানুষের গল্প চমৎকারভাবে তুলে ধরেছেন। ঘটনা ও চরিত্রের মাধ্যমে তিনি প্রতিটি রচনায় পাঠককে আকৃষ্ট করেছেন দারুনভাবে। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য। রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক ও সহকারী অধ্যাপক একেএম রবিউল আলম লুইপা বলেন, মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের বের করে পাঠাভ্যাস ও পাঠক তৈরির উদ্দেশ্যে রিডার্স ক্লাব গঠন করা হয়েছে। বিভিন্ন বই ও লেখকদের নিয়ে নিয়মিত পাঠচক্র আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মত হুমায়ূন উৎসব আয়োজন করা হয়েছে। এছাড়াও রিডার্স ক্লাব শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নে কাজ করে।
পরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হুমায়ূন উৎসব শেষ হয়।