বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প ফেঁদে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কতিপয় সংগঠন। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছেÑ এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সোমবার দলটির দফতর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার অত্যন্ত ধৃষ্টতাপূর্ণভাবে মন্তব্য করেছেন যে, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তিনি আরও বলেছেন, ‘‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে। পাশাপাশি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, ভারত রাষ্ট্রের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন। পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে তা ভারতের কাছে বিক্রি করছে, যাতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এ ধরনের কর্মকাণ্ড ও ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য স্পষ্টতই বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বহিরাগতদের সব ধরনের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে। এনসিপির বিবৃতিতে বলা হয়, একইসঙ্গে বাংলাদেশ সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন অবিলম্বে এ ঘটনার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক মহলে ভারতের এই হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরে।
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
