৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ভানুয়াতু

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার আন্তর্জাতিক সময় ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ৬১৪ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ অক্ষাংশের ১৩ দশমিক ৫৪৬ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৭২ দশমিক ২৭৯ ডিগ্রিতে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই এ সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্রটি। তাই আপাতত কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তবে, পরিস্থিতির পরিবর্তন হলে বা নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এদিকে, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত দেশটির রাজধানী পোর্ট ভিলা। বিসলামা, ইংরেজি ও ফরাসি দেশটির সরকারি ভাষা। অন্যদিকে, পর্যটন, কৃষি ও মৎস্য খাত দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। ভৌগোলিক অবস্থানের কারণে ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের মধ্যে অবস্থিত। এ অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। গত কয়েক বছরেও দেশটিতে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি