বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। একের পর এক রেকর্ড গড়ে মুক্তির ১৯ দিনেই বিশ^জুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৬৫ লাখ রুপি। একই সময়ে ভারতের বাজারে সিনেমাটির নিট আয় ৯৫৫ কোটি ৪৫ লাখ রুপি। ফলে ভারতীয় বক্স অফিসে ১ হাজার কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে সিনেমাটি। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে ও লারা দত্তসহ অনেকে। বক্স অফিসের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৯তম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ৭০ লাখ রুপি। এদিন ১৫ হাজার ৬৯৬টি শো থেকে এ আয় আসে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে আয় ৯ কোটি ২৫ লাখ রুপি। এ ছাড়া মালয়ালমে ১ কোটি ৫০ লাখ, কন্নড়ে ৮৫ লাখ, তামিলে ৮০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ৩০ লাখ রুপি আয় হয়েছে। বিদেশের বাজার থেকে সিনেমাটির আয় ৫৬৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ^ব্যাপী মোট আয় ১ হাজার ৭০৪ কোটি ৬৫ লাখ রুপি। এই আয়ে ‘ধুরন্ধর ২’-কে প্রায় ৭০ কোটি রুপির ব্যবধানে পেছনে ফেলেছে ‘রামায়ণ’। এদিকে হিন্দি সংস্করণে ৭০০ কোটি রুপি নিট আয়ের মাইলফলকও অতিক্রম করেছে সিনেমাটি। রণবীর কাপুরের ক্যারিয়ারে ভারতের বাজারে এটিই এখন সর্বোচ্চ আয়কারী সিনেমা। এর আগে তার ‘অ্যানিমেল’ সিনেমার আয় ছিল ৫৫৩ কোটি ৮৭ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, তৃতীয় সপ্তাহের শেষ দিকে দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সামনে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ‘রামায়ণ’-এর আয়ের গতি ধরে রাখা বড় চ্যালেঞ্জ। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী প্রযোজনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের বাজারে ১ হাজার কোটি রুপি নিট আয়ের রেকর্ড গড়তে পারে কি না ‘রামায়ণ’।