মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত ‘ডুমসডে’-র চূড়ান্ত ট্রেলার

বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে পুরোনো এক্স-মেন তারকাদের প্রত্যাবর্তনের পাশাপাশি নতুন চমক হিসেবে দেখা গেছে রবার্ট ডাউনি জুনিয়রকে। এবার তাঁকে দেখা যাবে সিনেমাটির প্রধান খলনায়ক ভিক্টর ভন ডুমের চরিত্রে। ট্রেলারের বিভিন্ন দৃশ্য থেকে সিনেমার গল্প ও চরিত্র নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। এতে দেখা যায়, স্টিভ রজার্স ও পেগি কার্টারের একটি পুত্রসন্তান রয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন ওয়েসলি হলোওয়ে। এবারের অ্যাভেঞ্জার্স সিনেমায় ফিরছেন পুরোনো এক্স-মেন সিরিজের বেশ কয়েকজন পরিচিত মুখ। সাইক্লপস চরিত্রে জেমস মার্সডেন এবং প্রফেসর চার্লস জেভিয়ারের ভূমিকায় প্যাট্রিক স্টুয়ার্টকে দেখা যাবে। তাঁদের সঙ্গে ফিরছেন ইয়ান ম্যাককেলান, রেবেকা রোমিন ও অ্যালান কামিংও। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়রের নতুন চরিত্র। মুখোশধারী খলনায়ক ভিক্টর ভন ডুমের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এ ছাড়া ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিরিজের অভিনয়শিল্পীরাও যুক্ত হয়েছেন সিনেমাটিতে। রিড রিচার্ডস চরিত্রে পেদ্রো পাস্কাল এবং স্যু স্টর্মের ভূমিকায় থাকছেন ভ্যানেসা কার্বি। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুসো। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টিফেন ম্যাকফিলি।