পিএসএলের ষষ্ঠ ভেন্যুর মর্যাদা পেল পেশোয়ার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন ভেন্যু হিসেবে যুক্ত হলো পেশোয়ার। আগামী আসরের গোড়াপত্তন হবে এখানেই। এতে পিএসএলের ষষ্ঠ ভেন্যুর মর্যাদা পেল পেশোয়ার। শুধু উদ্বোধনী ম্যাচই নয়, উদ্বোধনী অনুষ্ঠানও হবে পেশোয়ারে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দির যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা এসেছে। পিএসএলের কোনো ম্যাচ আয়োজনের দায়িত্ব এবারই প্রথম পেল পেশোয়ার। পেশোয়ারের ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়া পেশোয়ার জালমির জন্য বড় সুখবর। পিএসএলে বর্তমান চ্যাম্পিয়নও দলটি। যে দলের হয়ে সর্বশেষ আসর খেলেছিলেন নাহিদ রানা, শরিফুল ইসলামের মতো বাংলাদেশি ক্রিকেটার। পেশোয়ার জালমির সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হোম ভেন্যুতে বসে যেন ম্যাচ দেখতে পারেন। তবে এতদিন ম্যাচ দেখতে তাদের ছুটতে হত লাহোর, করাচি কিংবা রাওয়ালপিন্ডির মতো শহরে। গত আসরের শিরোপা জয়ের পর আরও জোরালো হয় সমর্থকদের দাবি। সেই দাবি পূরণ হওয়ায় এবার নিজ শহরেই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন পেশোয়ার জালমির সমর্থকরা। পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরও বিষয়টিকে বিশেষ অর্জন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পেশোয়ারের ক্রিকেটপ্রেমীদের ১২ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ষষ্ঠ ভেন্যু যুক্ত হওয়া পিএসএলের পরিসর বৃদ্ধির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। আগামী ১৮ মার্চ শুরু হয়ে ২ মে শেষ হবে পিএসএলের ১২তম আসর। পেশোয়ার ছাড়াও লাহোর, করাচি, মুলতান, রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদে ম্যাচ আয়োজনের পরিকল্পনা পিসিবির। পেশোয়ারের ম্যাচগুলো হবে আরবাব নিয়াজ স্টেডিয়ামে। দীর্ঘদিন পর শহরটিতে বড় পরিসরে ক্রিকেট ফেরার পাশাপাশি পিএসএলের উদ্বোধনী ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়াও স্থানীয় সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা।