এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হওয়ায় বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল ও উচ্ছ্বাস

জিএম ফাতিউল হাফিজ বাবু
প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। গত শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দেখা যায়। অনেকেই মিষ্টি বিতরণ করেন। মন্ত্রী হওয়ার খবরে আনন্দ মিছিল বের করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে তার নির্বাচনী এলাকা বকশীগঞ্জ উপজেলাতেও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতা কর্মীরা। এদিকে তার মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্ট দিয়ে শুভ কামনা ও অভিনন্দন জানান অনেকেই। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স জানান, আমাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন। এতে করে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাঁসি ফুটেছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সর্বস্তরের মানুষের। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে। এর প্রথম দফায় তাকে তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী করা হয়। ৬ মাস পর তাকে পূর্ণমন্ত্রী করা হলো।