জামালপুরে মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছরের শিশু মরিয়মকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন মানবাধিকারকর্মীরা।
এ সময় ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুরে জামালপুর শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটপওয়ার্ক, জামালপুরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, ঢাকা ও উন্নয়ন সংঘ (ইউএস), জামালপুর। মানববন্ধনে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।
মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র সাত বছরের একটি শিশু বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরতে পারেনি। পরে তার মরদেহ উদ্ধার হয়েছে প্রতিবেশীর ঘরের মেঝের নিচ থেকে। এমন নৃশংস ঘটনায় সমাজের প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ ধরনের অপরাধের বিচার দ্রুত শেষ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন, মরিয়মের মতো একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি পুরো সমাজের নিরাপত্তা ও মানবিকতার জন্য বড় প্রশ্ন। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পক্ষকে আরও সোচ্চার হতে হবে। মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় সাত বছরের মরিয়ম। পরে ১২ সেপ্টেম্বর রাতে মাদারগঞ্জের সিধুলি ইউনিয়নে প্রতিবেশী জামিনুর ইসলামের ঘরের মেঝে খুঁড়ে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জামিনুর ইসলাম ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে দেওয়া জবানবন্দিতে জামিনুর ইসলাম মরিয়মকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।