নিজস্ব সংবাদদাতা
গত ২৯ জুন রাতে জামালপুর শহরের মিয়াপাড়ার প্রয়াত সাবেক সাংসদ আব্দুল মতিন মিয়ার ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাসার ছাদের দরজা ও দোতলার দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এব্যাপারে জামালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, সাবেক সাংসদ আব্দুল মতিন মিয়া প্রয়াত হওয়ার পর থেকে তার স্ত্রী জাহানারা বেগম এ বাসায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় ভবনটি তালাবদ্ধ রেখে বর্তমানে ঢাকায় তার সন্তানদের কাছে রয়েছেন। তার অনুপস্থিতিতে ধনবাড়ী থেকে মাঝে মধ্যে জামালপুরে এসে বাসাটি দেখাশোনা করেন প্রয়াত আব্দুল মতিন মিয়ার ছোট ভাই মোঃ আলী আল বাকী চিনু। ২ তলা বিশিষ্ট বাসাটি প্রায়শই ফাঁকা থাকতো। এ সুযোগে ঘটনার রাতে আনুমানিক ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে চোরচক্র বাসার ২য় তলার উপরের ছাদের দরজা ও দোতলার দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। চোরের দল বাসার কাঠের আলমারীর দরজা ভেঙ্গে লকারে থাকা গচ্ছিত নগদ প্রায় দেড় লক্ষ টাকা, সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, আদালতে চলমান মামলার গুরুত্বপূর্ণ জমির দলিলের সার্টিফাইড কপি ও ইনডেক্সসহ কিছু কাগজপত্র লুট করে নিয়ে যায়। লুট হওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি যাওয়া দলিলের জমি নিয়ে জনৈক আমজাদ হোসেন গং-এর সাথে আদালতের দেওয়ানী মামলা নং-২৯৮/২০১৩ বিজ্ঞ সহকারী জজ দ্বিতীয় আদালত এবং দেওয়ানী মামলা নং ১৫৩/২০১৩ যুগ্ম জেলা জজ প্রথম আদালত জামালপুরে বিচারধীন রয়েছে। ০৫/০৭/২০২৬ খ্রিঃ উক্ত ২৯৮/২০১৩ মামলার যুক্তিতর্কের তারিখ ছিল। সে কারণেই নথিগুলো তৈরি করা ছিলো। অসৎ উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র স্বর্ণালংকার, নগদ টাকা ও চলমান মামলার নথিপত্র চুরি করে নিয়ে যেতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করছেন মামলা বাদী।
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জামালপুর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।
জামালপুর শহরের প্রয়াত সাবেক সংসদ সদস্যের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি ॥ টাকা-স্বর্ণালংকার-মূল্যবান কাগজপত্র লুট
